প্রকৃতিবান্ধব স্থাপত্যশৈলীর জন্য আন্তর্জাতিক অঙ্গনে বড় স্বীকৃতি পেল বাংলাদেশের গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টার। স্থাপত্যের সঙ্গে প্রকৃতির সম্পর্ক পুনঃস্থাপনে অনন্য অবদান রাখায় স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও তাঁর স্থাপত্য প্রতিষ্ঠান 'আর্বানা' এই পুরস্কার অর্জন করেছে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রথমবারের মতো ঘোষিত ‘আম্বাস-মোমা বার্ষিক পুরস্কার’ বিজয়ী হিসেবে এই প্রকল্পের নাম ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্ট (মোমা) এই পুরস্কার প্রদান করে।
পুরস্কারের মোট অর্থমূল্য দুই লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪৯ লাখ টাকা। আগামী ১২ ডিসেম্বর নিউইয়র্কের মোমায় আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হবে। পুরস্কারের অর্ধেক অর্থ অর্থাৎ এক লাখ ডলার (প্রায় ১ কোটি ২৪ লাখ টাকা) পাবেন স্থপতি কাশেফ চৌধুরী ও তাঁর প্রতিষ্ঠান। বাকি এক লাখ ডলার আর্জেন্টিনার গ্রান চাকো অঞ্চলে বন পুনরুদ্ধার ও বনায়ন প্রকল্পের কাজে ব্যয় করা হবে, যা অলাভজনক প্রতিষ্ঠান ফুন্দাসিওন গ্রান চাকো পরিচালনা করবে।
মোমার তথ্যমতে, গত ৩০ বছরে নির্মিত বিশ্বের যেকোনো প্রান্তের স্থাপত্যকর্মের মধ্যে যারা প্রকৃতির সঙ্গে স্থাপত্যের মেলবন্ধন তৈরিতে বিশেষ ভূমিকা রেখেছে, তাদের এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয়। একক স্থাপত্য প্রকল্পের জন্য এটিকে বিশ্বের অন্যতম বড় পুরস্কার হিসেবে গণ্য করা হয়। এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৪০টি প্রকল্প বিচারকদের বিবেচনায় ছিল। দীর্ঘ এক বছরের মূল্যায়ন প্রক্রিয়ার শেষে গাইবান্ধার এই সেন্টারকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়।
পুরস্কারের জন্য প্রায় এক বছর ধরে কাশেফ চৌধুরীর বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করেন আয়োজকেরা। গত অক্টোবরে একজন বিচারক ঢাকা, কেরানীগঞ্জ, গাইবান্ধা, সিলেট ও বরিশালে তাঁর বিভিন্ন স্থাপত্য প্রকল্প ঘুরে দেখেন এবং নকশা ও নির্মাণসংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। তবে এই মূল্যায়ন প্রক্রিয়ার বিষয়টি আগে জানতেন না কাশেফ চৌধুরী।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়ায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর বদ্বীপ অঞ্চলে অবস্থিত এই ফ্রেন্ডশিপ সেন্টারটি ২০০৮ থেকে ২০১১ সালের মধ্যে নির্মিত হয়। প্রায় ৯ হাজার ২১০ বর্গমিটার জমিতে গড়ে ওঠা এই কমপ্লেক্সটির আয়তন প্রায় ৩১ হাজার বর্গফুট। এর নকশায় প্রাচীন মহাস্থানগড়ের স্থাপত্যের ছোঁয়া রয়েছে। কমপ্লেক্সটিতে কার্যালয়, শ্রেণিকক্ষ, পাঠাগার ও আবাসনের সুবিধাসহ খোলা উঠান, খিলান ও জলাধার রাখা হয়েছে।
ভবনটির বিশেষত্ব হলো এর পরিবেশবান্ধব নির্মাণশৈলী। এখানে ব্যয়বহুল শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার পরিবর্তে প্রাকৃতিক আলো-বাতাস চলাচলের সুবিধা রাখা হয়েছে। ভবনের ছাদে ঘাস লাগানোয় তা দূর থেকে মাঠের সঙ্গে মিশে থাকে। এছাড়া বন্যাপ্রবণ এলাকায় উঁচু ভিত্তি তৈরির পরিবর্তে মাটি সংকুচিত করে বাঁধ নির্মাণের মাধ্যমে ভবনটি তৈরি করা হয়েছে। মোমার আম্বাস ইনস্টিটিউটের পরিচালক ইভানজেলোস কোটসিওরিস জানান, স্থানীয় উপকরণ ব্যবহারের মাধ্যমে সীমিত সম্পদ দিয়েও যে সমৃদ্ধ স্থাপত্য সম্ভব, ফ্রেন্ডশিপ সেন্টার তার বড় উদাহরণ।
এর আগেও প্রকল্পটি ২০১২ সালে ‘দ্য আর্কিটেকচারাল রিভিউ’–এর উদীয়মান স্থাপত্য পুরস্কার এবং ২০১৬ সালে ‘আগা খান স্থাপত্য পুরস্কার’ অর্জন করে। নতুন এই আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী বলেন, প্রত্যন্ত অঞ্চলের কোনো প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতি পেলে আনন্দ বহুগুণ বেড়ে যায়। এটি বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি বলে তিনি মন্তব্য করেন।

