ভারত নিয়ে পড়ে না থেকে নিজের দেশের চিন্তা করুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সকালের নাস্তা, দুপুরের খাবার কিংবা রাতের খাবার— সবসময় ভারতের কথা ভাবলে চলবে না, বরং নিজেদের দেশের বিষয়েও গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'ডেইলি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট খাইতেই ইন্ডিয়া, লাঞ্চ খাইতেই ইন্ডিয়া, ডিনার খাইতেই ইন্ডিয়া— তাহলে ভাই আপনার নিজের দেশের খাবার কোন সময় খাবেন? খালি যদি ইন্ডিয়া ইন্ডিয়া করেন! নিজের দেশের চিন্তা করেন।'

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে প্রধানমন্ত্রীর বৈঠকের বিষয়ে তিনি বলেন, দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় ফোরামে যেখানেই সুযোগ থাকবে, সরকার সেখানেই সম্পৃক্ত হবে। নেতাদের ওপর অনেক আমন্ত্রণ থাকে, তাই সবার সঙ্গে দেখা করা সম্ভব হয় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরের মূল লক্ষ্য সাধারণ পরিষদে ভাষণ দেওয়া। সাইডলাইনে কার সঙ্গে বৈঠক হবে তা শেষ মুহূর্তেও নির্ধারিত হতে পারে। বহুপক্ষীয় ফোরামে বিশ্বনেতাদের দৈনন্দিন কর্মসূচিতে শেষ মুহূর্তে অনেক পরিবর্তন আসে এবং বৈঠক চূড়ান্ত হলে সাংবাদিকদের তা জানানো হবে।

সীমান্তে হত্যাকাণ্ড ও বাংলাদেশিদের ধরে নিয়ে যাওয়ার মতো উদ্বেগজনক ঘটনাগুলো নিয়ে তিনি বলেন, এসব বিষয় কূটনৈতিকভাবে ভারত সরকারের সঙ্গে আলোচনা করা হবে। সীমান্ত নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক আইন, সীমান্ত প্রটোকল এবং ভারতের সঙ্গে বাংলাদেশের কাঠামোগত চুক্তি রয়েছে। এসবের আওতায় প্রতিটি পর্যায়েই বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরা হবে। এছাড়া ভারতের সঙ্গে ১০১টি চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি যাচাই-বাছাই ও সংসদীয় কমিটিতে পর্যালোচনা করা হচ্ছে এবং এ বিষয়ে চিফ হুইপের সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।