পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজের সুবিধার্থে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে কার্যক্রম পরিচালনায় সহায়তা করবেন। আজ রোববার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মন্ত্রণালয়ের জারি করা একটি পরিপত্রের মাধ্যমে এই কার্যবণ্টনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর সদয় অনুমোদনের ভিত্তিতে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিত যেকোনো বিষয়ে কাজ করবেন।

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ পররাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এলডিসি উত্তরণ, আইসিটি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতিসংক্রান্ত দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য যে, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠিত হয়। তৎকালীন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয় এবং বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদকে প্রতিমন্ত্রী করা হয়। পরবর্তীতে হুমায়ুন কবিরকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। গত শুক্রবার নতুন পাঁচজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নেওয়ার পর হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।