পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথমবারের মতো দুই প্রতিমন্ত্রী ও এক মন্ত্রী

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথমবারের মতো বড় ধরনের রদবদল আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমায়ুন কবির। এই মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শামা ওবায়েদ ইসলাম। নতুন দপ্তর বণ্টনের পরও তিনি তার পূর্বের পদে বহাল রয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো একক মন্ত্রণালয়ে দুইজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন।

এখন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা করবেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, শুক্রবার রাতেই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছয়জন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এর আগে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও সামলেছেন। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এবং তিনি বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। সংশ্লিষ্টদের মতে, পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তার অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনায় নিয়েই তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, নতুন চার পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। এছাড়া গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।