সার সরবরাহ, মজুদ, পরিবহন ও বিতরণ কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করতে ‘সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম’ চালু করেছে কৃষি মন্ত্রণালয়। প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম। মাঠপর্যায়ে সার নিয়ে যেকোনো অনিয়ম বা সমস্যার অভিযোগ পাওয়া মাত্রই তা সমাধানের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব মো. মাকছুদুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে এই কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। কার্যক্রমটি পরিচালনার জন্য ২৭টি আলাদা দল গঠন করা হয়েছে, যার প্রতিটিতে একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা ও একজন অফিস সহায়ক রয়েছেন। কন্ট্রোল রুমের সার্বিক তদারকির দায়িত্বে রয়েছেন সার ব্যবস্থাপনা ও উপকরণের অতিরিক্ত সচিব।
কন্ট্রোল রুমটি ১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুই শিফটে চালু থাকবে। প্রথম শিফট সকাল ৮টা থেকে বেলা ৩টা এবং দ্বিতীয় শিফট বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। কন্ট্রোল রুমের প্রধান কাজ হলো জেলা ও উপজেলা পর্যায় থেকে সার সরবরাহ ও মজুদের তথ্য সংগ্রহ করা। এছাড়া পরিবহনে অনিয়ম, অবৈধ মজুদ, কালোবাজারি বা অতিরিক্ত মূল্যে সার বিক্রির তথ্য যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সার সংকটের আশঙ্কা দেখা দিলে কন্ট্রোল রুম অগ্রাধিকার ভিত্তিতে তা শনাক্ত করে প্রয়োজনীয় সুপারিশ করবে। পাশাপাশি কৃষক, ডিলার বা পরিবহনকারীদের কাছ থেকে আসা অভিযোগগুলো নথিভুক্ত করে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে সমাধান করা হবে। প্রতিদিনের সার পরিস্থিতি ও গৃহীত ব্যবস্থার তথ্য রেজিস্টারে সংরক্ষণ এবং সাপ্তাহিক প্রতিবেদন তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে আদেশে।
সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রকাশিত খবরের ওপর ভিত্তি করেও মাঠপর্যায়ে তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ বা তথ্য জানানোর জন্য ০৫০৩৫১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া শিফট পরিবর্তনের সময় দায়িত্ব যথাযথভাবে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

