সার বিতরণে অনিয়ম করলে ডিলারশিপ বাতিল করা হবে: প্রতিমন্ত্রী

সার বিতরণে কোনো ধরনের অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি স্পষ্টভাবে বলেছেন, ডিলারের রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনা না করেই ডিলারশিপ বাতিলসহ দোষীদের আইনের আওতায় আনা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে দুঃস্থ ও অসহায় পরিবার এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সদর উপজেলার ২০০ জন দুঃস্থ পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী যশোরের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, আগামী জুন মাস থেকে যশোরে পূর্ণাঙ্গরূপে করোনারি কেয়ার ইউনিট চালু করা হবে। এছাড়া সাধারণ মানুষ যাতে সরকারিভাবে কিডনি ডায়ালাইসিস সুবিধা পায়, সেজন্য যশোর জেনারেল হাসপাতালে একটি ডায়ালাইসিস ইউনিটও চালু করা হবে।