জ্বালানি সংকট কাটাতে অন্তত দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনে অন্তত দুই বছর সময় প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (১৬ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গ্যাস ও বিদ্যুৎ খাতের সমস্যা ছয় মাস কিংবা এক বছরে সমাধান করা সম্ভব নয়। ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের জন্য দেড় থেকে দুই বছর সময় লাগবে, তাই এর আগে সমস্যার পুরোপুরি সমাধান হওয়ার সুযোগ নেই। তিনি আরও উল্লেখ করেন যে, গ্যাস ও বিদ্যুৎ ছাড়া অর্থনীতি এগিয়ে নেওয়া সম্ভব নয়। সরকার সম্ভাব্য সব পদক্ষেপ দ্রুত গ্রহণের চেষ্টা করছে। দীর্ঘ সময় ধরে গ্যাস অনুসন্ধান না করার বিষয়টি তুলে ধরে তিনি জানান, বর্তমানে গ্যাস অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ ও কয়লা নিয়ে কাজ চলছে এবং কোন ধরনের জ্বালানি কতটুকু প্রয়োজন তা নির্ধারণ করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে জ্বালানি নীতি প্রকাশ করা হবে এবং আগামী দুই বছর দেশবাসীকে সাবধান থাকতে হবে।

অনুষ্ঠানে অ্যামচেম সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল সভাপতিত্ব করেন। সেখানে ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং অর্থমন্ত্রী তাদের প্রশ্নের উত্তর দেন।

রাজস্ব আদায়ের বিষয়ে মন্ত্রী বলেন, সরকার রাজস্ব আদায়ের পরিধি বাড়ানোর পরিকল্পনা করছে। নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা করা হবে এবং ছোট ব্যবসায়ীদের জন্য একটি নির্দিষ্ট হারে করারোপের লক্ষ্যে তথ্যভান্ডার তৈরি করা হচ্ছে। এছাড়া ব্যাংক খাতের মূলধনের ঘাটতি এবং খেলাপি ঋণের সমস্যার কথা উল্লেখ করে তিনি জানান, ঘাটতি এত বেশি যে সরকারের পক্ষে তা পূরণ করা সম্ভব নয়, তাই অর্থায়নের বিকল্প উৎস খুঁজে বের করতে হবে।