সন্তান থাকার পরও বৃদ্ধার দায়িত্ব নেওয়ার কেউ নেই, হাসপাতালে একা

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৩৩। পরিবার ও সন্তান থাকার পরও জীবনের শেষ প্রান্তে এসে নিঃসঙ্গ হয়ে পড়েছেন ৭০ বছরের বেশি বয়সি এক অসহায় বৃদ্ধা। ফুলি ডাকনামের এই বৃদ্ধা অসুস্থতার কারণে নিজের নাম-পরিচয়ও ঠিকমতো বলতে পারছেন না। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে তার প্রয়োজনীয় ওষুধ, খাবার, পানি, চাটাই ও বালিশসহ সব ধরনের সামগ্রীর ব্যবস্থা করেছে সংগঠনটি।

সরাইল উপজেলা ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার জানান, সরাইল গরুর বাজার এলাকায় অসুস্থ অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জানা গেছে, বৃদ্ধার বাড়ি সদরের উচালিয়া পাড়া গ্রামে। তার একটি ছেলে রয়েছে, তবে এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। ছেলে পাওয়া গেলে বিস্তারিত জেনে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে বৃদ্ধার এমন অসহায়ত্বে পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর। সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজাহার উদ্দিন জানিয়েছেন, যদি বৃদ্ধার সন্তান বা পরিবারের কোনো স্বজন দায়িত্ব নিতে এগিয়ে না আসেন, তবে বাতিঘরের উদ্যোগে তার চিকিৎসা চালিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। সুস্থ হওয়ার পর তার জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও করা হবে।