একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন

চলতি অর্থবছরের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পরিকল্পনা কমিশনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ছয়টি নতুন এবং চারটি সংশোধিত প্রকল্প রয়েছে। এই বিপুল পরিমাণ বরাদ্দের মধ্যে সরকারি তহবিল থেকে ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ হিসেবে ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় করা হবে। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী মন্ত্রীদের মধ্যে ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শেখ রবিউল আলম, মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ইকবাল হাসান মাহমুদ, মো. আসাদুজ্জামান, মোহাম্মদ আমিন উর রশিদ এবং সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিও সভায় উপস্থিত ছিলেন।

অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে রয়েছে স্বাস্থ্য খাতের দুটি প্রকল্প—ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনা প্রতিস্থাপন ও পুনঃনির্মাণ এবং ১০টি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ১৯টি হোস্টেল ভবন নির্মাণ (প্রথম সংশোধিত)। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে রয়েছে 'ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ফর স্মার্ট মেইনটেন্যান্স টেকনোলজি অব ব্রিজ আন্ডার রোডস অ্যান্ড হাইওয়েজ ডিপার্টমেন্ট ইন বাংলাদেশ' প্রকল্প। পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে ধরলা নদীর ডান তীরের ভাঙ্গন রোধে লালমনিরহাট সদর উপজেলা রক্ষা এবং চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে উপকূলীয় বাঁধ শক্তিশালীকরণ প্রকল্প।

এছাড়া স্থানীয় সরকার বিভাগের গ্রাম সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্প, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের সক্ষমতা জোরদারকরণ (তৃতীয় সংশোধিত) প্রকল্প, এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রামু সেনানিবাসের অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে জামালপুরের মাদারগঞ্জে ১০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) এবং ঢাকাস্থ ডেসকো এলাকায় বৈদ্যুতিক অবকাঠামো সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (প্রথম সংশোধিত) প্রকল্প।

একনেক সভায় ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত আরও নয়টি প্রকল্পের বিষয়ে অবহিত করা হয়, যার মধ্যে রয়েছে বিএসএল-৩ গবেষণাগার স্থাপন, সুন্দরবন সুরক্ষা, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রিড সম্প্রসারণ, মসজিদ পাঠাগার সম্প্রসারণ এবং কক্সবাজার ও ভাসানচর প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ।

সভায় পরিকল্পনা মন্ত্রী ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ০৯টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। সেগুলো হলো: ১. বিএসএল-৩ গবেষণাগার স্থাপন এবং ভ্যাক্সিন ও বায়োলজিক্স গবেষণা সক্ষমতা বৃদ্ধির সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প ২. বাংলাদেশ এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি এন্ড ট্রান্সফামেশন (বেস্ট) ১ম সংশোধিত প্রকল্প (৩) সুন্দরবন সুরক্ষা প্রকল্প (৪) দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ট্রান্সমিশন গ্রীড সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প (৫) ঢাকাস্থ গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূ-গর্ভস্থ গ্রীড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প (৬) ডিপিডিসি'র আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) (৭) মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ (৪র্থ পর্যায়) (৮) তথ্য ও সম্প্রসারণ মন্ত্রণালয়ের জনসেবা প্রদানে নিউ মিডিয়ার সর্বোত্তম ব্যবহার (৯) প্রি-প্রাইমারি অ্যান্ড প্রাইমারি এডুকেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট ইন কক্সবাজার এবং নোয়াখালীর ভাসানচর প্রকল্পের (১ম সংশোধন)।