ইউপি নির্বাচন: ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা চূড়ান্ত করার নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে সংস্থাটি। তার আগে ৫ নভেম্বর সারা দেশে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। শনিবার (১৭ অক্টোবর) মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পৃথক দুটি চিঠির মাধ্যমে ইসির এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

কমিশনের পাঠোনো চিঠিতে জানানো হয়, ভোটার তালিকায় নিজ ঠিকানা পরিবর্তনের জন্য নাগরিকরা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রাপ্ত আবেদনগুলো আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে। পাশাপাশি চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে যাদের জন্ম, তারা নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হতে পারবেন।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৫ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর সেটির ওপর কারও কোনো আপত্তি বা দাবি থাকলে তা ২০ নভেম্বরের মধ্যে জানাতে হবে। এর পর জমা হওয়া সব দাবি ও আপত্তি ২৪ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি শেষে পরবর্তী দিন অর্থাৎ ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ইউপি ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার মোট পাঁচটি ধাপে এ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে, যার প্রথম ধাপের তফশিল ডিসেম্বরে ঘোষণা হতে পারে। তফশিল ঘোষণার সুবিধার্থেই ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত সেপ্টেম্বরে ভোটার এলাকা স্থানান্তরের সময় শেষ হয়েছিল এবং তখন নভেম্বরেই ভোট করার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে ভোটের দিনক্ষণ পিছিয়ে যাওয়ায় তালিকা চূড়ান্ত করার সময়সূচিতেও পরিবর্তন আনা হলো।