দুর্গাপূজার ছুটিতে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও সহজ করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর পরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনিসুর রহমান বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন।
যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে পাঁচটি ট্রেনের সাপ্তাহিক বিরতি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। একই সঙ্গে ট্রেনগুলোতে বাড়তি কোচ সংযোজন, রেললাইন ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ ট্রেনগুলোর সময়সূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে 'ঢাকা স্পেশাল-৩' চলাচল করবে। এছাড়া ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ২০, ২৩ ও ২৪ অক্টোবর 'টুরিস্ট স্পেশাল-১ ও ২' চলবে। পাশাপাশি ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে 'চট্টগ্রাম স্পেশাল-৪' ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাপ্তাহিক ছুটি বাতিলের তালিকায় থাকা পূর্বাঞ্চলের ট্রেনের মধ্যে রয়েছে কক্সবাজার এক্সপ্রেস, যার ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের সাপ্তাহিক অফ-ডে বাতিল করা হয়েছে।

