আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময়সীমা সাময়িকভাবে বাড়ানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে সোমবার (৫ অক্টোবর) রাতে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার উপসচিব সোনিয়া বিনতে তাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আগামী ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবেই মূলত এই সময়সূচি নির্ধারণ করা হয়েছিল, তবে পূজার বিশেষ প্রয়োজনে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি দেওয়া হলো।
তবে ২২ অক্টোবরের পর অর্থাৎ ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে আগের সময়সূচি কার্যকর হবে। অর্থাৎ এরপর থেকে শপিং মল, মার্কেট ও দোকানপাট পুনরায় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

