দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির চিন্তাভাবনা করছে সরকার

চলতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় সরকারিভাবে দুই দিনের ছুটি নির্ধারিত রয়েছে। পূজার ছুটির পর একদিন অফিস খোলা থাকার পর আবার দুই দিনের সাপ্তাহিক ছুটি রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মধ্যবর্তী কর্মদিবসটিতেও ছুটি ঘোষণার চিন্তা করছে। সরকার যদি এই একদিনের ছুটি ঘোষণা করে, তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন ছুটি উপভোগ করার সুযোগ পাবেন।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত আছে। এর পরের দিন ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলা রয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এই বিন্যাসের কারণেই সরকার ২২ অক্টোবর বাড়তি ছুটি দেওয়ার কথা ভাবছে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি অনুবিভাগ) মোঃ মোস্তফা জামান জানান, দুর্গাপূজায় নির্বাহী আদেশে ২২ অক্টোবর বাড়তি ছুটি দেওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। তবে এই অতিরিক্ত ছুটির বিনিময়ে পরবর্তীতে কোনো শনিবারে অফিস খোলা রাখা হবে কি না, তা নিয়ে একটি প্রস্তাব আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় এই প্রস্তাব অনুমোদিত হলে সরকার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

উল্লেখ্য, চলতি বছর মহালয়া ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।