ভোলায় দেশীয় অস্ত্র ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভোলার দৌলতখান থানা পুলিশের একটি বিশেষ অভিযানে এক মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার চরপাতা ভবনসংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাজিব মাঝি (৩১), তিনি চরপাতা ইউনিয়নের মৃত শাহজাহান মাঝির ছেলে।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় রাজিব মাঝির কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন এবং একটি নিষিদ্ধ রুপালি রঙের সুইজগিয়ার উদ্ধার করা হয়েছে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।