আইজিপির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউর

সাংবাদিকদের নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের দেওয়া আপত্তিকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। একই সঙ্গে সংগঠনটি এই বক্তব্য প্রত্যাহার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সোমবার এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই আলটিমেটাম দেন। এর আগে, সোমবার পুরান ঢাকার চকবাজারে আয়োজিত একটি অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির দাবি করেন, মাদকের টাকা না পেলে সাংবাদিকরা পুলিশকে অকার্যকর হিসেবে প্রতিবেদন লেখেন।

আইজিপির এমন বক্তব্যের কড়া সমালোচনা করে ডিআরইউর নেতারা বলেন, সাংবাদিকদের পেশাদারিত্ব ও সততা নিয়ে এমন ঢালাও মন্তব্য স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি। মাদক কারবার, অপরাধ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। পুলিশের মহাপরিদর্শকের মতো দায়িত্বশীল পদে থেকে এমন ঢালাও মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে ডিআরইউ নেতারা আরো উল্লেখ করেন, কোনো নির্দিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত। কিন্তু ঢালাওভাবে নেতিবাচক মন্তব্য করে সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থা ক্ষতিগ্রস্ত করা অনভিপ্রেত। তারা অবিলম্বে বক্তব্য প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন।