মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি মোজাম্মেল হোসেন খান

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে পরিবর্তন আনা হয়েছে। বর্তমান মহাপরিচালক অতিরিক্ত সচিব মো. উবায়দুল হককে সরিয়ে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানকে এই পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে রোববার (২ আগস্ট) জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। আদেশে বলা হয়, মুহাম্মদ মোজাম্মেল হোসেন খান তার মূল দায়িত্বের পাশাপাশি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ‘ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব মাদ্রাসাহ এডুকেশন স্কিম’-এর পরিচালক হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

একই দিনে অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধিদপ্তরটিতে আরেকটি রদবদল করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক ড. এ কে এম শফিকুল ইসলামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পক্ষ থেকে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়।