জাতীয় স্বার্থ রক্ষা ও অর্থনৈতিক সম্ভাবনা প্রসারে বাংলাদেশের কূটনীতিকে আরও বেশি অর্থনীতিকেন্দ্রিক করার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও নিরাপত্তাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে অর্থনৈতিক কূটনীতিকে পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। তিনি উল্লেখ করেন, বিশ্বজুড়ে ক্ষমতার ভারসাম্য দ্রুত পাল্টাচ্ছে এবং প্রযুক্তি রাষ্ট্র পরিচালনার ধরন বদলে দিচ্ছে। এমন বাস্তবতায় বাংলাদেশকে কেবল পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ালেই চলবে না, বরং ভবিষ্যৎ নির্মাণেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বিদেশের মিশনগুলোর দায়িত্ব সম্পর্কে হুমায়ুন কবির বলেন, নতুন বাজার অনুসন্ধান, বিনিয়োগ আকর্ষণ, দেশীয় পণ্যের প্রচার এবং নাগরিকদের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরিতে মিশনগুলোকে আরও বেশি তৎপর হতে হবে। তিনি পারস্পরিক শ্রদ্ধা ও সুবিধার ভিত্তিতে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখার বিষয়েও তিনি আলোকপাত করেন।
দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বঙ্গোপসাগরকে শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, এটি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার। আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় প্রচেষ্টার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
জলবায়ু পরিবর্তন, খাদ্য, জ্বালানি, পানি ও সাইবার নিরাপত্তার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় সীমান্তপারের সহযোগিতার ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হিসেবে জাতীয় স্বার্থ, কৌশলগত স্বায়ত্তশাসন, অংশীদারত্ব ও শান্তিকে উল্লেখ করেন। উল্লেখ্য, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী এই সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ বক্তা এবং ১০০০-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছেন।

