বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন্তব্য করেছেন যে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক অতীতে আটকে থাকার কোনো সুযোগ নেই। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, দু'দেশের মধ্যে নানামুখী চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক, তবে সেসব চ্যালেঞ্জকে মাথায় রেখে ভবিষ্যতের দিকেই এগিয়ে যেতে হবে। অতীতকে ভুলে যাওয়া সম্ভব নয়, কিন্তু শুধুমাত্র অতীতে আটকে থাকলে উন্নয়নের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এবং আজকের সাক্ষাতে দু'দেশের মিলেমিশে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি। তিনি উল্লেখ করেন, অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তার কিছু বলা উচিত নয় এবং সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকারই জনগণের কল্যাণের বিষয়ে ভালো সিদ্ধান্ত নিতে সক্ষম।
হাইকমিশনার দু'দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সবসময়ই কাম্য। আমাদের নেওয়া প্রতিটি সিদ্ধান্তের প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে, তাই সাধারণ মানুষের ভালো করার দায়িত্ব আমাদের ওপর রয়েছে।
তিনি আরও বলেন, আমরা সীমান্তের পাশাপাশি স্বপ্নও শেয়ার করি। প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব অনেক। আমরা সমান, এখানে কেউ বড় কিংবা ছোট নই। বাংলাদেশ ও ভারত উভয় দেশই বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে এবং একে অপরের গণতান্ত্রিক চ্যালেঞ্জগুলো মাথায় রেখে এগিয়ে চলাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি জানান।

