রাজধানীর প্রধান সড়কে অননুমোদিত অটোরিকশা চলাচল বন্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে অননুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। একই সঙ্গে অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেল ৩টায় সংসদের এই বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ চার্জিং পয়েন্টসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বর্তমানে চলমান রয়েছে।

সালাউদ্দিন আহমদ আরও বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এই নীতিমালা চূড়ান্ত হওয়ার পর দ্রুতই রিকশার নম্বর দেওয়া এবং চালকদের নিবন্ধনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি জানান, নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে বিধি ও নীতিমালা সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। চালকদের কর্মসংস্থান এবং পরিবেশসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করে কিছু শর্তসাপেক্ষে এটি দ্রুতই কার্যকর করা হবে। এর পাশাপাশি পরিবেশবান্ধব ব্যাটারি ব্যবহারের বিষয়টি নিয়েও সরকার চিন্তাভাবনা করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।