সচিবালয় ও কমলাপুরসহ রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। শনিবার রাতে পল্টন এলাকায় সচিবালয় মেট্রোরেল স্টেশন সংলগ্ন রাস্তায় সর্বশেষ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে একই রাতে কমলাপুর রেলস্টেশন ও যাত্রাবাড়ী চৌরাস্তায় পৃথক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় যাত্রাবাড়ীতে একজন রিকশাচালক আহত হয়েছেন।

সচিবালয় মেট্রোরেল স্টেশন সংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। শনিবার রাত ১১টার দিকের এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনাস্থলে যাচ্ছি। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়টি আমরা শনাক্তের চেষ্টা করছি। শব্দ হলেও আলামত পাচ্ছি না।’ তবে এই বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটে। ঢাকা জেলার রেলওয়ে পুলিশ সুপার (এসপি) নিকুলিন চাকমা এই তথ্য নিশ্চিত করেছেন। কমলাপুরের এই বিস্ফোরণেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার কিছু সময় পর রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একযোগে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এই বিস্ফোরণের ঘটনায় মো. বিল্লাল নামের এক রিকশাচালক আহত হয়েছেন।