রাজধানী ঢাকার বাতাসের মান বছরের অধিকাংশ সময় অস্বাস্থ্যকর বা সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ থাকে। বিশেষ করে শীতকাল বা শুষ্ক মৌসুমে এই দূষণের মাত্রা আরও বেড়ে যায়। এমনকি মাঝে মাঝে বৃষ্টি হলেও নগরবাসী খুব একটা ভালো বাতাস পাচ্ছেন না। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণেও এমন চিত্র উঠে এসেছে। তবে শুক্রবার ঢাকার বাতাসের মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে।
বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৭টার সূচক অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্বের ১২৫টি শহরের তালিকায় ঢাকা ১৬তম অবস্থানে ছিল। এসময় ঢাকার দূষণের স্কোর ছিল ৯৭। সাধারণত কোনো শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তা ‘খুবই ভালো’ এবং ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য হয়।
বিশ্বের বায়ুদূষণের তালিকায় আজ ১৭১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে উগান্ডার কাম্পালা, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এরপরে ১৫৩ স্কোর নিয়ে বাহরাইনের মানামা দ্বিতীয় এবং ১৪২ স্কোর নিয়ে মালয়েশিয়ার কুচিং তৃতীয় অবস্থানে রয়েছে। তালিকার উপরের দিকে থাকা অন্যান্য শহরের মধ্যে জাকার্তা, দোহা, কিনশাসা, পোর্টল্যান্ড ও জোহানেসবার্গের নাম উল্লেখযোগ্য।
অন্যদিকে, বাতাসের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন, যার স্কোর মাত্র ১০। এছাড়াও নরওয়ের ওসলো (১৬), কাজাখস্তানের আলমাটি (১৯), অস্ট্রেলিয়ার মেলবোর্ন (১৯), সিডনি (২২) এবং আয়ারল্যান্ডের ডাবলিন (২২) স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে কম দূষণের শহরের তালিকায় রয়েছে।

