ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন প্রাণ হারিয়েছেন। এই একই সময়ে সারাদেশে বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৬০৮ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বিশ্লেষণ করলে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জনে। এছাড়া এ পর্যন্ত মোট ৮৪ হাজার ৩৬৯ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী রয়েছেন। বিভাগওয়ারি তথ্যে দেখা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে ডেঙ্গু আক্রান্ত রোগী মারা গেছেন।

চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়, যেখানে এখন পর্যন্ত ৭২ জন মারা গেছেন। এছাড়া শুধু সেপ্টেম্বর মাসেই সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৪৮ জনের মৃত্যু হয়েছে।