মায়ের মৃত্যুতে ৪ বছরের মাইমুনার প্রশ্ন, ‘মাকে ছাড়াই কি থাকতে হবে’

তৃতীয় সন্তান জন্মের ছয় দিন পর ধুমধাম করে আকিকার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নে ব্যস্ত সময় পার করেছিলেন ২৫ বছর বয়সী মেহেরুন নেসা। কিন্তু উৎসবের পরদিনই তাঁর জ্বর আসে এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। সন্তান জন্মের মাত্র ১৩ দিনের মাথায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান মেহেরুন। তিনি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকার মনিরুল ইসলামের স্ত্রী ছিলেন।

মায়ের মৃত্যুর পর থেকে মনিরুল-মেহেরুন দম্পতির তিন মেয়ে শোকে মুহ্যমান। সাত বছর বয়সী বড় মেয়ে মিফতাহুল জান্নাত চুপচাপ চোখের পানি ফেলছে, তবে দ্বিতীয় মেয়ে চার বছর বয়সী মাইমুনা জান্নাত বারবার বাবাকে জিজ্ঞাসা করছে, ‘মাকে ছাড়াই কি আমাকে থাকতে হবে?’ এই প্রশ্নের কোনো উত্তর জানা নেই শোকাভিভূত বাবা মনিরুল ইসলামের।

মনিরুল জানান, গত ২৫ অক্টোবর তাঁর ছোট মেয়ে নুসাইবা জান্নাতের জন্ম হয়। আকিকার পরদিন মেহেরুনের জ্বর আসে। স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ সেবন করেও জ্বর না কমায় এবং তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছালে চিকিৎসকের পরামর্শে ডেঙ্গু পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হলে মেহেরুনকে নগরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে বৃহস্পতিবার বিকেলে অন্য একটি হাসপাতালে নেওয়া হলে রাতে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। শুক্রবার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

২০১৯ সালে মেহেরুনের সঙ্গে বিয়ে হয় মনিরুলের। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছোট শিশু নুসাইবা মায়ের আদর কী তা বুঝতেই পারল না। মেহেরুনের বাবা আবু তাহের ঘরের এক কোণে বসে নাতনিদের জন্য আহাজারি করছেন। গত সোমবার বিকেলে মনিরুলের বাড়িতে গিয়ে দেখা যায়, আত্মীয়স্বজনেরা সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু এই অপূরণীয় ক্ষতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা।