দোয়া মাহফিলের মঞ্চে নৃত্যানুষ্ঠান, বাকেরগঞ্জে সমালোচনার ঝড়

বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের জন্য তৈরি করা একই মঞ্চে নৃত্যানুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। জানা গেছে, উপজেলার সুন্দরকাঠী মোল্লা বাজারে এলাকাবাসীর উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে দুই দিনব্যাপী দোয়া, মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানসূচি অনুযায়ী গত ৩ ও ৪ অক্টোবর এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির প্রথম দিনে দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অভিযোগ উঠেছে যে, দোয়া ও মিলাদ শেষ হওয়ার পরপরই একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে নৃত্য পরিবেশন করা হয়। এ সময় দোয়া মাহফিলের জন্য টাঙানো কোরআন শরিফের ছবিসংবলিত ব্যানারটি মঞ্চেই ঝুলন্ত অবস্থায় ছিল, যা নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অনুষ্ঠানের আয়োজক ও দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মোল্লা জানান, তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এই আয়োজন করেছেন। তিনি দাবি করেন, তিনি বিএনপির কোনো পদে নেই এবং এই অনুষ্ঠান আয়োজনের জন্য ইউনিয়ন বা উপজেলা বিএনপির কাছ থেকে কোনো অনুমতিও নেননি।

দুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল খান জানান, শাহিন মোল্লা দলের প্রাথমিক সদস্যপদসহ কোনো পদে নেই এবং কখনো ছিলেনও না। বিষয়টি নিয়ে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, রাষ্ট্রপতির নাম ব্যবহার করে আয়োজিত এই অনুষ্ঠানের জন্য থানা থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। বিতর্কিত কর্মকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ আয়োজকদের অনুষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দেয়।