কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। শনিবার রাত আটটা থেকে শুরু হওয়া এই অভিযান গভীর রাত পর্যন্ত চলমান ছিল। অভিযানে মোট ২৫৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কুমিল্লা নগরের আলোচিত ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’-এর সক্রিয় চার সদস্য রয়েছেন।
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, নগরসহ প্রতিটি থানা এলাকায় যেসব স্থানে উঠতি বয়সী বখাটেদের উৎপাত ও কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে অভিযান চালানো হয়েছে। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে কোতোয়ালি মডেল থানার পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৭ জনকে আটক করে। পুলিশের দাবি, এদের মধ্যে চারজন সরাসরি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত এবং তারা সবাই রতন গ্রুপের সক্রিয় সদস্য। আটক চারজনের একজন হলেন ১৯ বছর বয়সী আনিসুর রহমান ওরফে আনিক। তিনি নগরের মফিজাবাদ কলোনির আবুল কাশের ছেলে এবং রতন গ্রুপের প্রধান ইমরান হোসেন ওরফে রতনের ভাগনে। রতন বর্তমানে আত্মগোপনে থাকায় আনিকই গ্রুপটির কার্যক্রম নিয়ন্ত্রণ করছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আনিক ২০২২ সালে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। জামিনে মুক্ত হয়ে তিনি পুনরায় গ্যাংয়ের নেতৃত্বে যুক্ত হন। শনিবার আটক ব্যক্তিদের মধ্যে ছিনতাই এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। তাদের বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
এর আগে গত বুধবারও একই ধরনের অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়েছিল। তাদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং ১৭৩ জনের বিরুদ্ধে মাদক সেবন, নিয়মিত মামলাসহ বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। কুমিল্লায় কিশোর গ্যাংয়ের তৎপরতা নতুন নয়, তবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
২০১৫ সালের দিকে নগরে কিশোর গ্যাংয়ের তৎপরতা আলোচনায় আসার পর বিভিন্ন সময়ে গ্রুপটির নাম সামনে এসেছে।.অপ্রতিম হত্যা: গ্রেপ্তার তুহিন এলাকায় উচ্ছৃঙ্খল–বেপরোয়া হিসেবে পরিচিত

