চুয়েটের নতুন ভিসি হলেন অধ্যাপক ড. আবু সায়েম

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে গত ২৭ জুলাই এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বর্তমানে চুয়েটের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি চুয়েট শিক্ষক সমিতির সভাপতি এবং প্রকৌশলীদের আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন পেশাজীবী সংগঠন বা সংস্থার ফেলো সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। নবনিযুক্ত এই উপাচার্য চুয়েটের বর্তমান ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।

ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম ১৯৮০ সালের ২৬ অক্টোবর চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম হাজী মুহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক উপ-কর কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং তাঁর মাতা চেমন আরা বেগম।

অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম চুয়েটেরই যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। এরপর ২০০৫ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে তিনি শিক্ষকতা পেশা শুরু করেন। দীর্ঘ প্রায় ২২ বছর ধরে তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে চুয়েটে শিক্ষকতা করে আসছেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নতুন উপাচার্য অধ্যাপক সায়েম বলেন, ‘বিদেশে থেকে হয়তো নিজের জন্য অনেক কিছু অর্জন করা যেত। কিন্তু আমার অর্জন যদি শিক্ষার্থীদের কাজে না লাগে, যে বিশ্ববিদ্যালয় আমাকে প্রকৌশলীর পরিচয় দিয়েছে, তার জন্য যদি কিছু করতে না পারি, তাহলে এসবের মূল্য কী? তাই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চেয়েছি, বিশ্বমঞ্চে চুয়েটের নাম ছড়িয়ে দিতে চেয়েছি।’

তিনি আরও যোগ করেন, ‘জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। ভিসি হিসেবে নতুন দায়িত্ব নিয়ে চুয়েটকে আরো অনেক দূর এগিয়ে নিতে চাই। এজন্য আমি চুয়েট পরিবারের সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশী।’