কক্সবাজারের হিমছড়ির একটি রিসোর্টে পর্যটকদের থাকার আড়ালে গড়ে তোলা হয়েছিল এক বিশাল গোপন প্রযুক্তি ল্যাব। সেখান থেকে ১ হাজার ৯৩৮টি আইফোনসহ বিপুল পরিমাণ কম্পিউটার ও ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এই রহস্যময় কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজন চীনা ও একজন তাইওয়ানের নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে রামুর সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। একই মামলায় আরও চারজন পলাতক এবং প্রায় ৩০০ জন অজ্ঞাতনামা চীনা ও তাইওয়ানের নাগরিককে আসামি করা হয়েছে।
পুলিশের তদন্তে জানা গেছে, চলতি বছরের ১ মার্চ থেকে গ্রেপ্তার হওয়া বিদেশি নাগরিকেরা বিভিন্ন সময়ে বাংলাদেশে প্রবেশ করেন। তাঁরা বাংলাদেশে অবস্থানের কোনো সন্তোষজনক কারণ দেখাতে পারেননি। চীনা নাগরিক ঝান ইউয়ান ফান ‘বাবর আলী’ নামের একটি ভুয়া পরিচয় ব্যবহার করে গত এপ্রিল মাস থেকে কক্সবাজারের চারটি স্থাপনা ভাড়া নেন। এগুলো হলো হিমছড়ির মেরিনা বিচ ভিলা রিসোর্ট, উখিয়ার ইনানী এলাকার ড্রিম হলিডে রিসোর্ট, অর্কিড-ব্লু রিসোর্ট এবং ইলিয়াস ব্রাদার্স নামের একটি আবাসিক ভবন। এই ভবনগুলোতে ২৫০ থেকে ৩০০ জন চীনা ও তাইওয়ানের নাগরিক অবস্থান করছিলেন। তাঁরা রিসোর্টগুলোর পুরোনো ব্যবস্থাপনা পরিবর্তন করে নিজেদের নিয়ন্ত্রণে নেন এবং নিজস্ব নিরাপত্তাকর্মী নিয়োগ দেন। মেরিনা বিচ ভিলা রিসোর্টের মহাব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক জানান, বিদেশিরা ভুয়া নাম-পরিচয় ব্যবহার করে রিসোর্ট ভাড়া নিয়েছিলেন, যা তাঁরা আগে ধরতে পারেননি।
তদন্তকারী কর্মকর্তারা জানান, মেরিনা বিচ ভিলা রিসোর্টের গোপন কম্পিউটার ল্যাবেই দিনের বেলা বিদেশি নাগরিকেরা তাঁদের কার্যক্রম চালাতেন এবং রাতে অন্য আবাসনগুলোতে চলে যেতেন। তাঁদের সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর গত ২৫ আগস্ট মেরিনা বিচ ভিলা রিসোর্টে অভিযান চালায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। অভিযানের বিষয়টি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও সেখান থেকে বিপুল পরিমাণ প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করা হয়। জব্দ করা মালামালের তালিকায় রয়েছে ১ হাজার ৯৩৮টি আইফোন, ৫০টি মনিটর, ৪৪টি সিপিইউ, ৩০টি কি-বোর্ড, ২টি ল্যাপটপ, ২টি প্রিন্টার, ৪০টি মাউস, ১টি আইপিএস এবং ২৪টি কানেকশন বোর্ড। এ ছাড়া ১৫টি নোট খাতা, ১টি ডায়েরি, ৪টি গ্রামীণফোন ও ১টি রবি সিম পাওয়া যায়। রিসোর্টের একটি অংশে ছয়টি সাউন্ডপ্রুফ (শব্দনিরোধ) কক্ষও তৈরি করা হয়েছিল। জব্দ করা সরঞ্জামগুলো পরে রিসোর্টের মহাব্যবস্থাপকের জিম্মায় রাখা হয়।
এই ঘটনার পর গত ২৬ আগস্ট ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসের তিন সদস্যের একটি প্রতিনিধিদল মেরিনা বিচ ভিলা রিসোর্ট পরিদর্শন করে। প্রতিনিধিদলের সদস্যরা মৌখিকভাবে পুলিশকে জানান, সংশ্লিষ্ট চীনা ও তাইওয়ানিজ নাগরিকেরা অবৈধ অনলাইন কর্মকাণ্ড ও প্রতারণার সঙ্গে জড়িত থাকতে পারেন। এরপর ২৮ আগস্ট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি ৯ সদস্যের দল ঘটনাস্থল পরিদর্শন করে। সিটিটিসি কর্মকর্তাদের ধারণা, চক্রটি কৃত্রিম বাজার বিশ্লেষণ, ভুয়া প্রলোভন এবং ক্লোন বা নকল ট্রেডিং প্ল্যাটফর্ম তৈরি করে মানুষের অর্থ আত্মসাতের মতো আন্তর্জাতিক অনলাইন আর্থিক প্রতারণার (স্ক্যাম) সঙ্গে যুক্ত ছিল।
একসঙ্গে এত বিপুল পরিমাণ আইফোন কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো, তা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এই মামলার বাদী রামু থানার পুলিশ পরিদর্শক মিন্টু দত্ত জানান, জব্দ করা আইফোন ও অন্যান্য সরঞ্জাম দিয়ে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রতারণা করা হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এগুলো ঠিক কোন ধরনের প্ল্যাটফর্মে ব্যবহার করা হতো, তা নিশ্চিত হওয়া যাবে ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর। এদিকে কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেন, ১ হাজার ৯৩৮টি আইফোন দিয়ে কী কাজ করা হতো এবং এর পেছনে কোনো আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের যোগসূত্র আছে কি না, তা দ্রুত উদ্ঘাটন করা জরুরি।

