কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চারিপাড়া আইডিয়াল স্কুলের শেয়ারদারদের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সাবেক ক্যাশিয়ার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জাকির হোসেনের বিরুদ্ধে। এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও প্রতিষ্ঠানের আর্থিক হিসাব জনসমক্ষে প্রকাশের দাবিতে সোমবার চারিপাড়া আইডিয়াল স্কুলের প্রধান ফটকের সামনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন স্কুলটির শেয়ারদার ও সহসভাপতি মো. আলমগীর হোসেন।
লিখিত বক্তব্যে আলমগীর হোসেন জানান, ২০০৭ সালে এলাকার ২৯ জন শেয়ারদার ব্যক্তিগত অর্থায়নে চারিপাড়া আইডিয়াল স্কুল প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে প্রতিষ্ঠান পরিচালনার জন্য মো. জাকির হোসেনকে ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া হয়। অভিযোগ রয়েছে, জাকির হোসেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ জাহেরের ঘনিষ্ঠ কর্মী হিসেবে গত ১৭ বছর ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন।
আলমগীর হোসেনের ভাষ্যমতে, জাকির হোসেন প্রতিষ্ঠানের হিসাব উপস্থাপনকালে প্রায় ১৫ লাখ টাকা লোকসান দেখান। এরপর শেয়ারদাররা স্কুল পরিচালনার স্বার্থে আরও ১৮ লাখ টাকা সরবরাহ করলেও সেই অর্থের কোনো সঠিক হিসাব পাওয়া যায়নি। হিসাব চাইলে বিভিন্ন কৌশলে বিষয়টি এড়িয়ে যাওয়া হয় এবং আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় শেয়ারদারদের প্রতিষ্ঠান থেকে বাদ দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়।
একাধিকবার স্থানীয় পর্যায়ে উদ্যোগ নিয়েও আর্থিক হিসাব বুঝে নিতে ব্যর্থ হওয়ার পর, বিষয়টি ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আকারে জানানো হয়। ইউএনও অভিযোগটি আমলে নিয়ে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেন। এরপর সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক রহমান অভিযুক্ত জাকির হোসেনকে চার দিনের মধ্যে প্রতিষ্ঠানের হিসাব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত সময় পার হওয়ার পরও এখন পর্যন্ত কোনো হিসাব পাওয়া যায়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
আলমগীর হোসেন আরও বলেন, আমরা আমাদের কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। আমরা স্কুলটি ধ্বংস হতে দিতে চাই না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হিসাব ও অনিয়মের বিষয়টি বের করে সমস্যার সমাধান চাই। এ সময় তিনি কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এই বিষয়ে মো. জাকির হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

