কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করল সরকার

বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে জাতীয় চার নেতার নামে নামকরণকৃত চারটি জাহাজ এবং ‘জয় বাংলা’ নামে থাকা অপর একটি জাহাজের নতুন নাম নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠির মাধ্যমে এই পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। এছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ এখন থেকে ‘বিসিজিএস ফিরোজ কবীর’ নামে পরিচিত হবে। ‘বিসিজিএস মনসুর আলী’ জাহাজের নতুন নাম দেওয়া হয়েছে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ জাহাজের নতুন নামকরণ করা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’। পাশাপাশি ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, কোস্টগার্ডের পক্ষ থেকে নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের পর মন্ত্রণালয় চিঠি দিয়ে এই সিদ্ধান্ত কোস্টগার্ডকে অবহিত করে। কোস্টগার্ডের তথ্য অনুযায়ী, যে চার ব্যক্তির নামে জাহাজগুলোর নতুন নামকরণ করা হয়েছে, তারা প্রত্যেকেই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন এবং দেশে ও দেশের বাইরে অভিযান পরিচালনা করতে গিয়ে শহীদ হন।