প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম। জলবায়ু সংকটের জন্য দায়ী উন্নত দেশগুলোকেই ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু কার্যক্রমে অর্থায়নের দায়ভার গ্রহণ করতে হবে বলে জোরালো দাবি জানিয়েছেন বৈশ্বিক দক্ষিণের নাগরিক সমাজের প্রতিনিধিরা। শনিবার তুরস্কের আনতালিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেন, কেবল প্রতিশ্রুতির ওপর নির্ভর না করে এখন প্রয়োজন সুনির্দিষ্ট রোডম্যাপ, পর্যাপ্ত অর্থ ছাড় এবং স্বচ্ছ জবাবদিহি নিশ্চিত করা। কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশ, ভারতের মৌসম এবং লিডার্স বাংলাদেশ যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, কপ-৩১-এর আলোচ্যসূচিতে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রস্তাব অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও দেশগুলোর মধ্যে ঐকমত্যের অভাবে তা সফল হয়নি। এ অবস্থায় সম্মেলন থেকেই পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা এবং জবাবদিহির কাঠামো নির্ধারণের তাগিদ দিয়েছেন তারা।
ভারতের সৌম্য দত্ত বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বন্যাসহ নানা ধরনের জলবায়ু দুর্যোগে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হচ্ছে, অথচ প্রদত্ত অনুদান প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। তিনি আঞ্চলিক সংহতি ও পর্যাপ্ত অর্থায়নের ওপর জোর দেন। নেপালের প্রয়াস অধিকারী জানান, বর্তমান জলবায়ু অর্থায়ন ব্যবস্থায় আবেদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়া অত্যন্ত জটিল, যা ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বড় বাধা। তিনি এই প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।
ভারতের অজয় কুমার জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জলবায়ু অর্থায়নের ঘাটতি ৮২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। অথচ বৈশ্বিক অর্থায়নের সিংহভাগ পূর্ব এশিয়ায় কেন্দ্রীভূত থাকায় দক্ষিণ এশিয়া অত্যন্ত সীমিত সুবিধা পাচ্ছে। এছাড়া শ্রীলঙ্কার থিলক কারিয়াওয়াসাম জলবায়ু তহবিলের অর্থ প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর দাবি জানান। লিডার্স বাংলাদেশের মোহন কুমার মণ্ডল জলবায়ুজনিত বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনে বিশেষায়িত অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি তাদের মানবাধিকার ও মর্যাদা রক্ষার দাবি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

