ক্রমবর্ধমান জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, সহজপ্রাপ্য জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি অপরিহার্য বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকসের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। মন্ত্রী উল্লেখ করেন যে, বাংলাদেশ নিজস্ব সম্পদ ও সক্ষমতা কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কাজ করে যাচ্ছে। তবে ঝুঁকি ক্রমাগত বাড়তে থাকায় আন্তর্জাতিক সহায়তার পাশাপাশি অর্থায়ন ও প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করা এখন সময়ের দাবি।
আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ। তাই অভিযোজন কার্যক্রমকে আরও কার্যকর, স্থানীয় বাস্তবতানির্ভর ও ফলাফলমুখী করা প্রয়োজন। একই সঙ্গে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সঙ্গে মানুষের জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নের সমন্বয় নিশ্চিত করার ওপর তিনি জোর দেন। ইউএনডিপির সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও বাস্তবমুখী ও ফলপ্রসূ করার আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী।
বৈঠকে উভয় পক্ষ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন খাতে বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা এবং ভবিষ্যতে তা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল জীববৈচিত্র্য ও প্রতিবেশ সংরক্ষণে অর্থায়ন পরিকল্পনা (BIOFIN), নিম্ন-কার্বন উন্নয়নে ন্যাশনাল কুলিং প্ল্যান (NCP), দূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি।
পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জলবায়ু অভিযোজন কার্যক্রমে স্থানীয় সরকার ও জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল, পার্বত্য এলাকা, হাওর ও খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকায় প্রকৃতি-ভিত্তিক সমাধান এবং জলবায়ু-সহনশীল জীবিকার কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া জাতীয় জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নে আন্তর্জাতিক তহবিল সংগ্রহের ক্ষেত্রে ইউএনডিপির কারিগরি সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকস বাংলাদেশের জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব উন্নয়নে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় পর্যায়ে সহনশীলতা বৃদ্ধিতে ইউএনডিপি কাজ করতে আগ্রহী। এছাড়া সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনগোষ্ঠী ও বেসরকারি খাতকে সম্পৃক্ত করে সফল উদ্যোগগুলো বৃহত্তর পরিসরে বিস্তারের বিষয়ে তিনি আশ্বাস দেন। সাক্ষাৎ শেষে উভয় পক্ষ চলমান প্রকল্পগুলোর গতি বাড়ানোর পাশাপাশি জলবায়ু অভিযোজন, প্রতিবেশ পুনরুদ্ধার, উষ্ণতা হ্রাস, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং কার্বন ক্রেডিটকে কেন্দ্র করে নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করার বিষয়ে একমত হন।

