অর্থনীতি পুনরুদ্ধারে ধৈর্য ধরার আহ্বান চিফ হুইপের

বিগত সরকারের আমলে দেশ থেকে ৩০ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম। তিনি বলেন, দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সচল করতে তারেক রহমান অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এমন সংকটময় সময়ে দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘বাংলাদেশ ম্যাজিক ফেস্টিভ্যাল-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের সমালোচনা করে মো. নূরুল ইসলাম আরও বলেন, সাবেক সরকারের একজন মন্ত্রী বিদেশে ৩৫৬টি বাড়ি করেছেন এবং অন্য একজন একাই দুই লাখ কোটি টাকা লুট করেছেন। এছাড়া বিদ্যুৎ খাতে লক্ষাধিক কোটি টাকা লুটপাট করা হয়েছে এবং লুটপাটকারীদের উল্টো ইনডেমনিটি বা দায়মুক্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানের ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতি থেকে দেশকে টেনে তুলতে তারেক রহমান দিনরাত কঠোর পরিশ্রম করছেন। তিনি অনাড়ম্বর জীবনযাপন করে সবার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করছেন। বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখতে অনর্থক সমালোচনা বন্ধ করে বর্তমান সরকারকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান চিফ হুইপ।

সম্মিলিত যাদুশিল্পী সংস্থার সভাপতি মিনহাজুর রহমান যুবরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ইঞ্জি. নুর আজিজুর রহমান এবং ম্যাজিক আইকন আলী রাজ। অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।