চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ১৫ বছরের জন্য কোনো আন্তর্জাতিক অপারেটরের মাধ্যমে পরিচালনার লক্ষ্যে একটি খসড়া চুক্তিতে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার অর্থনৈতিকবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কাঠামোর আওতায় এই টার্মিনালটি পরিচালনার প্রক্রিয়া চলছে এবং দুবাইভিত্তিক বন্দর অপারেটর ডিপি ওয়ার্ল্ডের নাম আলোচনায় থাকলেও অনুমোদনের বিবৃতিতে নির্দিষ্ট কোনো অপারেটরের নাম উল্লেখ করা হয়নি।
সরকারের এই সিদ্ধান্তে বন্দরের শ্রমিক সংগঠনগুলো তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এই উদ্যোগের প্রতিবাদ জানিয়ে নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছে। সংগঠনগুলোর নেতাদের মতে, জাতীয় নিরাপত্তা ও দেশের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সরাসরি যুক্ত এই টার্মিনালটি বর্তমানে দেশীয় দক্ষ জনবল ও আধুনিক সরঞ্জাম ব্যবহার করে সফলভাবে পরিচালিত হচ্ছে। তাই বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের এই প্রক্রিয়া দেশের স্বার্থপরিপন্নী বলে তারা মনে করছেন।
বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার অভিযোগ করেন, একটি মহল বিভিন্ন প্ররোচনার মাধ্যমে সরকারকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তিনি বলেন, আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই এবং দেশের স্বার্থ রক্ষায় আন্দোলন চালিয়ে যাব। এছাড়া বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক হুমায়ুন কবির একে 'গণবিরোধী' ও 'হঠকারী' সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। তিনি আশা প্রকাশ করেন, চূড়ান্ত চুক্তির আগে সরকার দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে এই প্রক্রিয়া থেকে সরে আসবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) সূত্র অনুযায়ী, এনসিটি বন্দরের চারটি কনটেইনার টার্মিনালের মধ্যে বৃহত্তম। ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশই ছিল এই টার্মিনালের মাধ্যমে। ২০০৭ সালে প্রায় ২,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালে পাঁচটি জেটি এবং বন্দরের ১৮টি কুইসাইড গ্যান্ট্রি ক্রেনের মধ্যে ১৪টি রয়েছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল) টার্মিনালটি পরিচালনা করছে।

