নগর ভবনে অভিযানের পর খুলশীর ওসি বদলি, ‘কিশোর গ্যাং’ নেতাকে মেয়রের সমর্থন

চট্টগ্রাম সিটি করপোরেশনের টাইগারপাস কার্যালয়ে (নগর ভবন) তালিকাভুক্ত সন্ত্রাসী ও কিশোর গ্যাং নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। এই ঘটনার পরদিনই খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিমকে বদলি করা হয়েছে। এদিকে সিটি মেয়র শাহাদাত হোসেন ওই আসামিকে ‘সন্ত্রাসী নয়, জুলাই যোদ্ধা’ ও দলের ত্যাগী নেতা বলে দাবি করেছেন।

গত বুধবার সন্ধ্যায় ওসি আবদুর রহিমকে খুলশী থানা থেকে সরিয়ে নগর বিশেষ শাখায় (সিটি এসবি) বদলি করা হয়। মাত্র এক মাস ১০ দিন আগে এই থানায় যোগ দেওয়া ওসিকে আকস্মিকভাবে সরিয়ে দেওয়ায় পুলিশ কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী এটিকে একটি রুটিন বদলি হিসেবে উল্লেখ করে বলেছেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে। পুলিশ খবর পায় যে খুলশী থানার একাধিক মামলার আসামি ওয়াকিল টাইগারপাসের নগর ভবনে অবস্থান করছেন। সেখানে অভিযানে গেলে মেয়র শাহাদাত হোসেন এবং অভিযানে যাওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। প্রায় তিন ঘণ্টা পুলিশ সেখানে অবস্থান করলেও ওয়াকিলকে খুঁজে পায়নি। ওয়াকিল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মেয়রের অনুসারী হিসেবে পরিচিত। অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে তিন মাস আগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরদিন বুধবার নগরের ঈদগাঁহ রূপসা বেকারি এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণের ক্র্যাশ প্রোগ্রাম শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র শাহাদাত হোসেন। তিনি খুলশী থানার ওসির অপসারণ দাবি করে অভিযোগ করেন, ওসি আবদুর রহিম পরিকল্পিতভাবে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের টার্গেট করছেন। মেয়রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে ওয়াকিলের বিরুদ্ধে ১৭০ থেকে ১৮০টি রাজনৈতিক মামলা দেওয়া হয়েছিল এবং তিনি বিগত ১৭-১৮ বছর ধরে বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন, এমনকি জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনেও ‘যোদ্ধা’ হিসেবে অংশ নিয়েছেন।

মেয়র আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় আবদুর রহিম বাকলিয়া থানার ওসি থাকাকালীন তাঁর ভূমিকা বিতর্কিত ছিল। খুলশী থানায় যোগ দেওয়ার পরও তিনি কোনো যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেননি, অথচ ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। গত ২৯ সেপ্টেম্বর খুলশীর ওয়্যারলেস কলোনিতে ১৬ বছর বয়সী কিশোর মোহাম্মদ হৃদয় হত্যা মামলায় আসামি কামরুলকে মারধর করে ওয়াকিল ও তাঁর ভাইয়ের নাম বলানো হয়েছে বলেও অভিযোগ করেন মেয়র। তবে এসব অভিযোগের কোনো স্বাধীন প্রমাণ মেলেনি।

ওয়াকিলকে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে মেয়র বলেন, ওয়াকিল তাঁর কাছে আসেননি, তাঁর দুই ভাই অভিযোগ নিয়ে এসেছিলেন। তিনি আরও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, ওয়াকিল তাঁর গাড়িতে করে নগর ভবন থেকে বের হয়েছেন—এমন প্রমাণ কেউ দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। সামনে নির্বাচনকে কেন্দ্র করে তাঁর ইমেজ নষ্ট করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি মনে করেন।

অন্যদিকে বদলি হওয়া ওসি আবদুর রহিম জানান, নগর ভবনে অভিযানের সময় তিনি ছুটিতে ছিলেন এবং এ বিষয়ে বিস্তারিত জানতেন না। তিনি বলেন, খুলশী থানায় যোগ দেওয়ার পর এক কলেজ শিক্ষককে মারধরের মামলায় ওয়াকিলকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ হামলার শিকার হয়। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের কারণে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছিল। বাকলিয়ায় ওসির দায়িত্বে থাকাকালীন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর জিয়াফতের ডেগ ফেলে দেওয়ার অভিযোগও তিনি সম্পূর্ণ অস্বীকার করেন। চাপের মুখে বদলি হয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, সরকারি চাকরিজীবী হিসেবে কর্তৃপক্ষের নির্দেশ মেনে তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ওয়াকিল হোসেন ওরফে বগার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ২৩টি মামলা রয়েছে। গত ২৯ আগস্ট পাহাড়তলী কলেজের অস্থায়ী শিক্ষক মিজানুর রহমানকে তুলে নিয়ে মারধরের মামলায় তাঁকে আসামি করা হয়। ওই মামলা নেওয়ার পর ওসি আবদুর রহিমকে ‘লেংটা করে পেটানোর’ হুমকি দেওয়া হলে ওসি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এরপর ৪ সেপ্টেম্বর ওয়াকিলকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা হয়, যাতে ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ওয়াকিলকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে অবশ্য ওয়াকিলের বাবাও ওসির বিরুদ্ধে আদালতে বাড়ি ভাঙচুর ও ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগে মামলা করেন, যা বর্তমানে সিআইডি তদন্ত করছে।

এছাড়া গত ২৯ সেপ্টেম্বর ওয়্যারলেস কলোনিতে কিশোর গ্যাংয়ের ‘সেভেন স্টার’ ও ‘ফাইভ স্টার’ গ্রুপের বিরোধে কিশোর হৃদয় খুনের মামলায়ও ওয়াকিলকে আসামি করা হয়। স্থানীয়দের মতে, ওয়াকিলের গ্রুপ সেভেন স্টার এবং খুলশী থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেনের গ্রুপ ফাইভ স্টারের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে। সর্বশেষ গত মঙ্গলবার প্লট দখল, চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে চট্টগ্রাম খবর-এর সম্পাদক শেখ মুহাম্মদ আরিফ বাদী হয়ে ওয়াকিলসহ ৩৭ জনের বিরুদ্ধে খুলশী থানায় আরেকটি মামলা করেন। আরিফ জানান, ওয়াকিলের ভয়ে খুলশী ও আকবর শাহ এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। ওয়াকিলের ভাই রকি হোসেন পিচ্চি অবশ্য দাবি করেছেন, রাজনৈতিকভাবে হেয় করতেই তাঁর ভাইয়ের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হচ্ছে।