প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫৬। চট্টগ্রাম নগরে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও নগরবাসীকে নিরাপদ রাখতে তিন মাসব্যাপী এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল নয়টায় প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চুয়ালি উদ্বোধনের পর চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও জেলা প্রশাসন যৌথভাবে এই কর্মসূচি শুরু করে।
উদ্বোধনী আয়োজনে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বেলা ১১টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে চসিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীর উদ্বোধনী কার্যক্রম প্রত্যক্ষ করেন। এতে জেলা রেড ক্রিসেন্ট ও স্কাউটের সদস্যরাও অংশ নেন। এরপর মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানে মেয়র নিজে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কারে অংশ নেন এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ ছিটানো হয়।
একই দিনে নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ কেন্দ্র থেকে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী কর্মসূচিতে অংশ নেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই কর্মসূচির আওতায় জেলার মোট ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে, যার সূচনা হয়েছে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ পরিষ্কারের মধ্য দিয়ে।
অভিযান সম্পর্কে চসিক মেয়র বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে নগরবাসীকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য। প্রতিদিন ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনার মাধ্যমে মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এই নগরকে একটি সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর এবং মানবিক বাংলাদেশ গড়ার এই যাত্রায় সবাইকে সম্পৃক্ত হতে আহ্বান জানাই। চসিকের ৪১টি ওয়ার্ডেই নিয়মিত ওষুধ ছিটানোর কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়েছে।

