ফেনীতে পারিবারিক টানাপোড়েন ও অবমূল্যায়নের অভিযোগে ছাত্রদল নেতার পদত্যাগ

ফেনীর পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইলিয়াস তার পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দলীয় প্যাডে নিজের স্বাক্ষরিত পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পদত্যাগপত্রে ইলিয়াস উল্লেখ করেছেন যে, ২০১৯ সালে উপজেলা ছাত্রদলের হাত ধরে তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন এবং দলের চরম দুঃসময়ে প্রতিটি কর্মসূচিতে রাজপথে সক্রিয় ছিলেন। তবে বর্তমান সময়ে তিনি চরম অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন।

একই সঙ্গে তিনি জানান, রাজনৈতিক অবমূল্যায়নের পাশাপাশি পারিবারিক চরম অর্থনৈতিক সংকট তাকে গ্রাস করেছে। পরিবারের হাল ধরা ও জীবিকার তাগিদে ব্যস্ত হয়ে পড়ায় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সময় দেওয়া তার পক্ষে সম্ভব হচ্ছে না। সংগঠনের কাজ যেন ব্যাহত না হয়, সেই বিবেচনায় তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন।

ইলিয়াসের পদত্যাগপত্রটি সামাজিক মাধ্যমে শেয়ার করে পরশুরাম পৌর ছাত্রদলের আহ্বায়ক সাফায়েত এনাম মজুমদার ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, অভাব-অনটনের কারণে দল থেকে পদত্যাগ দলের ব্যর্থতার প্রমাণ। যারা দলের দায়িত্ববান নেতা, এটি তাদের দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ।

এ বিষয়ে পরশুরাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাবু বলেন, ইলিয়াস আমাদের দলের একজন ত্যাগী কর্মী। কোনো মান-অভিমান থেকে সে পদত্যাগ করে থাকতে পারে। বিষয়টি জানাজানি হওয়ার পর জেলা ছাত্রদলের নেতারা খোঁজখবর নিয়েছেন এবং তিনি নিজেও ইলিয়াসের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাকে পুনরায় সংগঠনে সক্রিয় করার চেষ্টা চালাচ্ছেন।