সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার ইদ্রিস আলী (৬৭) নামের বাগোয়ান টেনশন মোড় এলাকার এক বাসিন্দা এই মামলাটি করেন। মামলার এজাহারে নুসরাতের বাবাকে একমাত্র আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারের তথ্যানুযায়ী, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কিনে সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন বাদী ইদ্রিস আলী। পরে আবদুল হালিম জমিটি জবরদখলের পরিকল্পনা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এর জের ধরে গত বছরের ১৩ সেপ্টেম্বর দেশীয় অস্ত্র নিয়ে ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা ও টিনের চাল ভাঙচুর করে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করেন। বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তাঁর স্ত্রী মিনা খাতুনকে মারধর করা হয় এবং ঘর থেকে ৩টি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করা হয়।
বাদী ইদ্রিস আলী এজাহারে আরও উল্লেখ করেন, ঘটনার পর বিচারের দাবি জানালে আবদুল হালিম উল্টো ১৬ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন, যার ফলে ইদ্রিস আলীকে জেল খাটতে হয়। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে জমিটি দখল করে নিয়েছেন আবদুল হালিম। ইদ্রিস আলীর অভিযোগ, বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ায় তিনি সপরিবার এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নিতে বাধ্য হন। গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায়ও তাঁকে ও তাঁর পরিবারকে মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা চলছে বলে আতঙ্কিত হয়ে তিনি এই এজাহার দিয়েছেন। নিরাপত্তাহীনতার কারণে এতদিন মামলা করতে পারেননি বলেও তিনি জানান।
মামলার বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানিয়েছেন, দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী মামলাটি তদন্ত করবেন। তদন্ত কর্মকর্তা মহসীন চৌধুরী জানান, তাঁকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য নুসরাতের বাবা আবদুল হালিম বলেন, 'মামলার বিষয়টি জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না। এলাকায় তাঁর অনেক মানুষের সাথে বিরোধ আছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সে পলাতক বলে জানি।' তিনি আরও দাবি করেন, ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিষয় ছিল এবং ইদ্রিস আলী হয়তো কারও প্ররোচনায় এই মামলা করেছেন।

