ক্যান্টনমেন্ট থানার ওসির অডিও বিতর্ক: তদন্ত কমিটি, তবে হদিস নেই রাকিবুলের

সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে প্রশাসনিক কারণ দেখিয়ে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ডিএমপি তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

তদন্ত কমিটির সদস্যরা জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এবং তিন কর্মদিবসের মধ্যে ডিএমপি কমিশনারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তবে বিতর্কের মুখে পড়া এই পুলিশ কর্মকর্তার বর্তমান অবস্থান নিয়ে রহস্য তৈরি হয়েছে। ডিএমপির একাধিক নির্ভরযোগ্য সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছিল যে, বৃহস্পতিবার দিবাগত রাতে রাকিবুল হাসানকে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছিল। রাত ১২টার দিকেও তিনি সেখানে ছিলেন বলে জানা যায়।

পরবর্তীতে রাকিবুল হাসানের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে পুলিশ সদর দপ্তর ও ডিএমপির বিভিন্ন পর্যায়ের আটজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেননি। এমনকি ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম দাবি করেছেন, রাকিবুলকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়নি। তিনি বলেন, 'রাকিবুল কোথায় আছেন তিনি জানেন না।' এদিকে, কমিটির সদস্য এবং ডিএমপির গণমাধ্যম বিভাগের কর্মকর্তারাও তাঁর অবস্থান সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন। রাকিবুলের ব্যক্তিগত মোবাইল নম্বরটিও বর্তমানে বন্ধ রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই অডিওতে রাকিবুল হাসানকে পুলিশের সক্ষমতা, সরকারের বিভিন্ন পর্যায়ের পদায়ন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে নেতিবাচক মন্তব্য করতে শোনা গেছে। অডিওতে তিনি শেখ হাসিনার দেশে ফেরা এবং পুলিশ বাহিনীর দুর্বলতা নিয়ে সরাসরি সমালোচনা করেন। এছাড়া ওসি পদায়নে অর্থ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগও তুলেছেন তিনি। পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, অডিওটি রাকিবুল হাসানের কণ্ঠেরই।