কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় মো: ইয়ামিন ভূইয়া (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শহরের ভাদুঘর এলাকায় মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়ামিন সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের মো: আবুল বাশারের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী সুমা আক্তার গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পরিবারের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় ইয়ামিন শ্বশুর বাড়ি থেকে বেড়ানো শেষে অটোরিকশায় করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে মহাসড়কের ভাদুঘর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের বহনকারী অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ইয়ামিন ও সুমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানিয়েছেন, ঘটনার পর তদন্তের সুবিধার্থে নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

