বগুড়ায় আট মাসেই অচল সৌরচালিত মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বগুড়ায় গড়ে তোলা আটটি মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প মাত্র আট মাসের মাথায় মুখ থুবড়ে পড়েছে। বর্তমানে প্রকল্পভুক্ত সবকটি হিমাগারই বন্ধের পথে। কৃষকের উৎপাদিত সবজি সংরক্ষণ করে লোকসান কমানোর লক্ষ্যে জেলার তিন উপজেলায় এই পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল। কিন্তু স্থাপনের আট মাসের মধ্যেই অধিকাংশ কোল্ড স্টোরেজ তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। যে কয়েকটি চালু রয়েছে, সেগুলোর ব্যবহারও অত্যন্ত সীমিত। এমনকি কোনো কোনো ক্ষেত্রে গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করা হলেও সৌরবিদ্যুৎ ব্যবহারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে দুই ধাপে বগুড়ায় আটটি কনটেইনারভিত্তিক মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়। এর মধ্যে শিবগঞ্জে চারটি, গাবতলীতে তিনটি এবং সারিয়াকান্দিতে একটি হিমাগার রয়েছে। প্রতিটি কোল্ড স্টোরেজ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। ৮-১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় রেখে কৃষকের সবজি ও আলু সংরক্ষণের মাধ্যমে বাজারে সরবরাহের সময় বাড়ানোই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

তবে বাস্তবে অধিকাংশ কোল্ড স্টোরেজ কৃষকের কোনো কাজে আসছে না। স্থানীয় পর্যায়ে অভিযোগ উঠেছে, প্রকৃত প্রয়োজন যাচাইয়ের বদলে রাজনৈতিক প্রভাব ও সুবিধা বিবেচনায় এসব হিমাগার বরাদ্দ দেওয়া হয়েছিল। উদাহরণস্বরূপ, মহাস্থান হাটের পাশে স্থাপিত কোল্ড স্টোরেজটি পেয়েছেন শিবগঞ্জের স্থানীয় এক বিএনপি নেতা তাহেরুল ইসলাম। এছাড়া গাবতলী ও শিবগঞ্জের অন্যান্য কোল্ড স্টোরেজ বরাদ্দের ক্ষেত্রেও একই ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে।

স্থানীয়দের মতে, কৃষকদের সংগঠনের মাধ্যমে সমবায়ী ব্যবস্থাপনায় এগুলো পরিচালনার কথা থাকলেও বাস্তবে কয়েকটি হিমাগার ব্যক্তি পর্যায়ে ব্যবহৃত হচ্ছে। ফলে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে এবং প্রান্তিক কৃষকরা এর কোনো সুফল পাচ্ছেন না। রাজনৈতিক বিবেচনায় বরাদ্দের বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।