জয় বাংলা স্লোগান দেওয়ায় সিরাজগঞ্জে বিএনপি নেতাকে শোকজ

সিরাজগঞ্জ পৌর বিএনপির ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. মিন্টু শেখকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি। বৃহস্পতিবার সিরাজগঞ্জ শহরের মতি সাহেবের ঘাট এলাকায় আয়োজিত এক মানববন্ধনে বক্তব্যের শেষে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দেওয়ায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, ওইদিন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেওয়ার একপর্যায়ে মিন্টু শেখ বিতর্কিত স্লোগানটি দেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়।

দলীয় সূত্রে জানা গেছে, দায়িত্বশীল পদে থাকা একজন নেতার এমন স্লোগান দেওয়াকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী হিসেবে দেখছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। শোকজ নোটিশে জানতে চাওয়া হয়েছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতিত এবং বর্তমানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের স্লোগান দেওয়ার কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না।

নোটিশ পাওয়ার পর আগামী তিন কার্যদিবসের মধ্যে মিন্টু শেখকে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ শোকজ নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনক্রমে এই নোটিশ প্রদান করা হয়েছে।