ফেনীতে বিএনপি নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট

ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে এক পর্তুগাল প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রোববার রাতে মনির আহমেদ সওদাগরের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এতে প্রবাসীর বৃদ্ধা মা হাসিনা বেগম, ভাই ইকবাল হোসেন, নবাবপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সুলতান বাহাদুর এবং স্থানীয় বাসিন্দা তানভীর আহমেদসহ মোট চারজন আহত হয়েছেন।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পর্তুগাল প্রবাসী এমলি খান সবুজ এবং ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের মধ্যে পর্তুগালের ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে গত এক বছর ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে রোববার রাতে শাহজাহান সিরাজের ছেলে সাখাওয়াত হোসেন শুভর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল প্রবাসীর বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘর থেকে সাড়ে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

হামলার সময় স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে আসেন এবং সাখাওয়াত হোসেন শুভসহ পুলক ও ইকবাল হোসেন নামের তিনজনকে আটক করেন। তবে খবর পেয়ে ফাজিলপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান সিরাজের নেতৃত্বে শতাধিক লোকজন ঘটনাস্থলে গিয়ে পাল্টা হামলা চালিয়ে আটককৃতদের ছিনিয়ে নিয়ে যায়।

অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা শাহজাহান সিরাজ দাবি করেন, তার দুই ছেলেকে পর্তুগাল পাঠানোর জন্য তিনি এক বছর আগে ২০ লাখ টাকা দিয়েছিলেন। সেই টাকা ফেরত চাওয়ার জেরে তার ছেলে ও তার দুই বন্ধু আহত হয়েছেন এবং তিনি তাদের উদ্ধার করে এনেছেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানিয়েছেন, খবর পাওয়ার আগেই স্থানীয়দের হাতে আটক ব্যক্তিরা ছিনিয়ে নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রবাসীর স্বজনরা থানায় লিখিত অভিযোগ দায়েরের জন্য অবস্থান করছিলেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের জন্য প্রবাসীর স্বজনরা সোনাগাজী মডেল থানায় অবস্থান করছিলেন।