জনরায়ে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে: পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জনগণের রায়েই বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয়, ঐক্য’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি সবসময় ঐক্যে বিশ্বাসী এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি টানা ১৬ বছর ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়েছে। এই জুলাই আন্দোলনে ছাত্র-জনতা, কৃষক-শ্রমিক ও রিকশাচালকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছিলেন।

ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার বিরুদ্ধে গণতন্ত্রকামী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া হবে না এবং গণতন্ত্র ধ্বংসের সুযোগ কাউকে দেওয়া হবে না। বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, সংসদের ভেতরে এক ধরনের আচরণ এবং বাইরে ভিন্ন অবস্থান গ্রহণের নীতি পরিহার করতে হবে এবং অযথা মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ এহসানুল হুদা। সভায় প্রধান বক্তা হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান বক্তব্য দেন এবং সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম উপস্থিত ছিলেন।