কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা উড্ডয়নের পর পরই খসে পড়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এমন সংকটময় পরিস্থিতিতেও উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে রয়েছেন।
বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ নম্বর ফ্লাইটটির উড্ডয়ন সম্পন্ন হতেই পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি নিশ্চিত হয়েই পাইলট কালবিলম্ব না করে ঢাকা টাওয়ারে জরুরি বার্তা পাঠান।
জরুরি অবতরণের চূড়ান্ত প্রস্তুতি শেষ করা এবং আকাশেই অতিরিক্ত জ্বালানি পুড়িয়ে বিমানের ওজন কমানোর জন্য পাইলটকে আকাশে কিছুক্ষণ চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিং সংক্রান্ত তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে বেশ কয়েকবার চক্কর দেয়। ওই সময় এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উঁচুতে অবস্থান করে ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।
অন্যদিকে রানওয়েতে জরুরি অবতরণের পূর্বপ্রস্তুতি নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান ওঠানামা বন্ধ রাখা হয়। ঢাকা টাওয়ারের দেয়া তথ্যমতে, বাংলাদেশ সময় বেলা ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়েতে কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। এ সময় সব ধরনের ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকে এবং প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর উড়োজাহাজটিকে নিরাপদে অবতরণ করানো হয়।
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৫: ৩৫আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৫: ৩৮

