বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন

ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চূড়ান্ত চুক্তি সম্পন্ন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সই হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বিশ্বমানের সঙ্গে তাল মিলিয়ে চলতে বিমানের আধুনিকায়ন এখন সময়ের দাবি। নতুন প্রজন্মের এই উড়োজাহাজগুলো বাংলাদেশের এভিয়েশন খাতকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিমানমন্ত্রী আরও বলেন, আধুনিক উড়োজাহাজ থাকলেই একটি এয়ারলাইন সফল হয় না। বিমানের ভবিষ্যৎ নির্ভর করছে এর কর্মকর্তা-কর্মচারীদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, দক্ষতা ও দায়িত্ববোধের ওপর। তিনি বলেন, নিরাপত্তা, দক্ষতা, সময়ানুবর্তিতা, সততা ও উৎকর্ষতার সংস্কৃতি গড়ে তোলার মাধ্যমে বিমানকে প্রতিযোগিতামূলক ও মর্যাদাপূর্ণ এয়ারলাইনে পরিণত করতে হবে, যা হবে বাংলাদেশের প্রতিটি নাগরিকের গর্বের উৎস।

চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন, এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইয়োর্গেন ওয়েস্টারমেয়ারসহ বাংলাদেশ সরকার ও এয়ারবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।