প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২: ১২
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাবনাতলা ব্রিজের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার তীব্রতায় মোটরসাইকেলটি বাসের নিচে আটকে যায় এবং সেটি সহ বাসটি প্রায় আধা কিলোমিটার পথ চলে যায়।
নিহত ব্যক্তিরা হলেন— পটুয়াখালী জেলার সুমখালী এলাকার আব্দুর রবের ছেলে আনিসুর রহমান (২৮) এবং বরিশালের গৌরনদী এলাকার দিয়াশুর গ্রামের ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন (৩০)। তারা দুজন ঢাকা থেকে মোটরসাইকেলে করে পটুয়াখালী যাচ্ছিলেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী 'দশমিনা পরিবহন' নামের একটি বাসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী ওবায়দুল কবির জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

