ভোলার মেঘনায় নিখোঁজ বিজিবি সদস্যের লাশ উদ্ধার

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩২ (12 September 2026, 16:32)

ভোলার দৌলতখানে মেঘনা নদী থেকে নিখোঁজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য আমজাদ হোসেনের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার তিন দিন পর শনিবার দুপুরে উপজেলার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বিজিবি সদস্য আমজাদ হোসেন ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইব্রাহিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে মেঘনা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেন। খবর পেয়ে দৌলতখান থানা ও হাকিমুদ্দিন নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে আমজাদের মরদেহ উদ্ধার করে। দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ বিজিবি সদস্যের লাশ মেঘনা নদী থেকে পুলিশ উদ্ধার করেছে।

এর আগে, গত বুধবার সন্ধ্যার পর বিজিবি সদস্য আমজাদ হোসেন পাঁচ বন্ধুর সঙ্গে শিবপুরের 'গরিবের দুবাই' নামে পরিচিত মেঘনা নদীর তীরে বসে গল্প করছিলেন। এ সময় হঠাৎ নদীর তীর সংরক্ষণের জিওব্যাগ ধসে পড়লে তিনি নদীতে পড়ে ডুবে যান। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও পুলিশের সদস্যরা তাকে উদ্ধারে মেঘনা নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাৎক্ষণিকভাবে তার সন্ধান পাওয়া যায়নি। অবশেষে নিখোঁজের তিন দিন পর তার মরদেহ ভেসে ওঠে।