২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়; বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানিয়েছেন, চলতি দশকে রপ্তানি, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চায় সরকার। বৃহস্পতিবার ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইএসডিবি) অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তারেক রহমান বলেন, তাঁর সরকারের লক্ষ্য হলো বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র এবং এই অঞ্চলের প্রবেশদ্বারে পরিণত করা। তিনি আরও বলেন, পোশাকশিল্প বাংলাদেশের প্রবৃদ্ধির প্রথম গল্প তৈরি করেছে, এখন সরকার ইলেকট্রনিকস, ওষুধশিল্প, হালকা প্রকৌশল এবং সবুজ শিল্পের মাধ্যমে পরবর্তী প্রবৃদ্ধির গল্প লিখতে চায়। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং হেলথ কার্ডের মতো সামাজিক সুরক্ষা উদ্যোগের কথাও তিনি তুলে ধরেন।
বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা, সরবরাহব্যবস্থায় বিঘ্ন, জলবায়ু পরিবর্তন এবং উন্নয়ন অর্থায়নের ব্যয় বৃদ্ধির মতো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ও আইএসডিবির মধ্যে নতুন ধরনের উদ্ভাবনী ও ফলাফলভিত্তিক অংশীদারত্ব প্রয়োজন। তিনি বলেন, বাংলাদেশ আইএসডিবি ও এর সহযোগী সংস্থাগুলোর ওপর উন্নয়ন অর্থায়নের নির্ভরযোগ্য উৎস হিসেবে আস্থা রাখে।
অনুষ্ঠানে ইসলামি উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরকে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই অর্থায়ন চুক্তিটি শুধু একটি লেনদেন নয়, বরং বাংলাদেশের প্রতি ব্যাংকের আস্থার বহিঃপ্রকাশ। ইসলামিক কনসেশনাল ফান্ড (আইসিএফ) প্রতিষ্ঠায় আল জাসেরের নেতৃত্বের প্রশংসাও করেন তিনি।
চুক্তি অনুযায়ী, ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১০০ কোটি (১,০০৪.২৯ মিলিয়ন) মার্কিন ডলার অর্থায়ন করবে ইসলামি উন্নয়ন ব্যাংক। প্রকল্পটি বাস্তবায়িত হলে বিপিসির পরিশোধনক্ষমতা ১ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টন থেকে বেড়ে ৪ দশমিক ৫ মিলিয়ন মেট্রিক টনে উন্নীত হবে। এটি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইউরো-৫ মানসম্পন্ন পেট্রোলিয়াম তেল উৎপাদন বাড়াবে এবং আমদানি করা পরিশোধিত জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমাবে। চুক্তি স্বাক্ষরের সময় অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান ও আইএসডিবি গ্রুপের ডিরেক্টর জেনারেল আনাসি আইসামি উপস্থিত ছিলেন।

