সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে চালানো হুথিদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এ ধরনের সহিংস কর্মকাণ্ডের বিষয়ে ঢাকা তার কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, সৌদি আরবের বিভিন্ন এলাকায় হুথিদের সাম্প্রতিক হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এ ধরনের হামলার ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সব ধরনের বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর চালানো সহিংসতাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং এর তীব্র নিন্দা জানায়। এছাড়া সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশ পূর্ণ সংহতি প্রকাশ করেছে।

