প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম। প্রযুক্তির দ্রুত অগ্রগতি বিমান চলাচল খাতে যেমন নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে, তেমনি এটি নিরাপত্তার ক্ষেত্রে নতুন ঝুঁকি ও চ্যালেঞ্জও তৈরি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক আন্তর্জাতিক উড্ডয়ন নিরাপত্তা সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ বিমানবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত তিন দিনব্যাপী এই সেমিনারে বিমানবাহিনী প্রধান ফ্লাইট সেফটি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ফ্লাইট সেফটি ব্যবস্থাকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তুলতে উন্নত প্রযুক্তির ব্যবহার, যথাযথ প্রশিক্ষণ, দক্ষ জনবল, কার্যকর নেতৃত্ব এবং আন্তঃসংস্থা সমন্বয়ের কোনো বিকল্প নেই। দলগত কার্যক্রমের সমন্বিত প্রয়োগই এই খাতের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে তিনি উল্লেখ করেন।
এই সেমিনারে সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ ৭টি বাহিনীর প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন এয়ারলাইনস, ফ্লাইং একাডেমি, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রতিরক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও এতে উপস্থিত রয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেমিনারে দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও অংশগ্রহণকারীরা ফ্লাইট সেফটির বিভিন্ন দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন ও মতবিনিময় করছেন। প্রযুক্তিগত অগ্রগতি, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন, হিউম্যান ফ্যাক্টর, সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম (এসএমএস) এবং মানব-প্রযুক্তির সমন্বয়ের মতো বিষয়গুলো এখানে গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে। বিভিন্ন অধিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইট সেফটি চর্চা এবং উদীয়মান ঝুঁকি মোকাবিলায় আধুনিক প্রযুক্তির কার্যকর প্রয়োগের বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়েছে।

